বাংলাদেশ–মিয়ানমার সীমান্তসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আবদুল জব্বার (৫৩) নামে এক কাঠুরিয়ার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৫১ ও ৫২–এর মধ্যবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্তের বাটনাতলা এলাকার ওপারে মিয়ানমারের অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল জব্বারসহ সাতজন ব্যক্তি সীমান্তসংলগ্ন এলাকায় গাছ কাটতে যান। এ সময় তারা মিয়ানমারের ভেতরে ঢুকে পড়লে স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আবদুল জব্বার গুরুতর আহত হন এবং বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিস্ফোরণের পর স্থানীয়রা আহত আবদুল জব্বারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/সুজন