গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজারের বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছে।
গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মনোয়ারা বেগম জানান, এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণকৃত একটি জমি দীর্ঘদিন ধরে তিনি ও তার স্বামী শেখ ফরিদ জয়নাল দেখাশোনা করে আসছেন। জমিটি পতিত থাকায় সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই সেখানে মাদক সেবন করতেন।
সম্প্রতি ওই জমিতে সবজি চাষের পরিকল্পনা করে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করেন তার স্বামী জয়নাল। শুক্রবার সন্ধ্যায় জমিতে বেড়া দিতে গেলে কয়েকজন মাদকসেবী বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে মাদকসেবীদের একজন জয়নালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি পাশে থাকা তার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনোয়ারা বেগমকে হাসপাতালে আনা হয়েছে। গুলিটি তার পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি অবস্থান করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা ময়মনসিংহে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অভিযুক্তকে আটক ও ঘটনার বিস্তারিত তদন্তে পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/এমই