ঝিনাইদহে জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের একটি কনভেনশন সেন্টারে এ মাহফিল আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা মানুষকে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে।
তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/এমই