পল্লী চিকিৎসকের ইনজেকশন দেওয়ার পরেই বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত সুমন বেপারী (৩৫) গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর একমাত্র ছেলে।
মৃত সুমনের বাবা শাহ আলম বেপারী জানিয়েছেন, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের দুর্ঘটনাস্থলে গিয়ে ফেরার পথে নছিমনের ধাক্কায় আহত হয় সুমন। তাকে উদ্ধার করে টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুজন সরকারের কাছে নেয়া হয়। সুমনের ব্যথা কমানোর ইনজেকশন দেয় সুজন সরকার। এতে সুমন অসুস্থ হয়ে পড়লে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে মারা গেছে।
পল্লী চিকিৎসক সুজন সরকার বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর আমার কাছে নিয়ে আসলে সুমনকে একটি টোরাক্স (ব্যথানাশক) ইনজেকশন পুশ করার পর উপজেলা হাসপাতালে পাঠানো হয়।
ব্যথানাশক ইনজেকশন পুশ করার বৈধতা আছে কিনা জানতে চাইলে পল্লি চিকিৎসক সুজন সরকার বলেন, প্রাথমিকভাবে আমরা এভাবেই চিকিৎসা দিয়ে আসছি।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, ব্যবস্থাপত্র ব্যতিত ওষুধ বিক্রি ছাড়া কোনো রকমের চিকিৎসা কিংবা ইঞ্জেকশন দেওয়ার বৈধতা তার নেই। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম