টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন ছেঁড়াদ্বীপ সাগর হতে পাচারকালে ১০ কেজি ৪শ গ্রাম গাঁজা বোঝাই বোটসহ ৯ জন আটক করেছে।
সূত্র জানায়, ৭ মার্চ মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়।
সংকেত অমান্য করে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ উখিয়া থাইংখালীর ক্যাম্প-৬, ব্লক-এ/৬ এর বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মো: তাহের (৬০), তাহেরের ছেলে তারেক আজিজ(২৩), শারুখ আজিজ(২৬), সোহানা আজিজ (১৪), লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জহির আহমদের ছেলে মোঃ হালিম (৩৬), থাইংখালী ক্যাম্পের মোঃ আমিনের ছেলে ওমর ফারুক (২৭), একই ক্যাম্পের ব্লক-এ-৫ এর বাসিন্দা হামিদ হোসনের ছেলে মোঃ সিদ্দিক (২২), থাইংখালী ১নং ক্যাম্পের ,ব্লক-বি/৪ এর বাসিন্দা নুরু সালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার আব্দুল বারীর ছেলে সিরাজ মিয়া (৫৫) নামে ৯ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম