লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
সভায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি, সড়কে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় পুলিশ সুপার মো. আবু তারেকসহ জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ