চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণের সময় সীমানা প্রাচীরের দেওয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় কেএম শাহাবুদ্দিনের বাড়ির সীমানা প্রাচীরের দেওয়াল ধসে এ ঘটনা ঘটে।
নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুণবাড়ী বেহুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের দেওয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম