দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ও স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়াকে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়দের অভিযোগ, রবিবার সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে স্থানীয় জনসাধারণ মাংসে সমস্যা রয়েছে সন্দেহ করে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।
খবর পেয়ে ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংস সংগ্রহ করে পরীক্ষা করেন। প্রাথমিকভাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, গরুটি বয়স্ক। সেই সঙ্গে কয়েকদিন আগে জবাই করা গরুর মাংসও ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গরুর স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকার ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ড. রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা মাংস পরীক্ষা করি। পরীক্ষায় গরুটি বয়স্ক ও মাংস ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে নিশ্চিত হওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই