গোপালগঞ্জের কোটালীপাড়ায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী।
রবিবার দুপুরে কোটালীপাড়ার নাগরা-বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরা থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন রিয়াজ শেখসহ তিনজন। পথিমধ্যে কেরাণীর পোল নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রিয়াজ শেখ নিহত হন এবং অপর দুইজন আহত হন। আহতদের কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল