নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পয়োনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে নির্মাণকাজ চলছে। যে কারণে বরপা হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ে ময়লা পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়ে দ্রুত সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
রবিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাজি নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহুরা বেগম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে কাজ চলমান থাকায় সুয়ারেজ লাইন বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে বিদ্যালয়ের পয়োনিষ্কাশন হচ্ছে না। উলটো বিদ্যালয়ের টয়লেট দিয়ে স্কুলে ময়লা পানির সয়লাব হয়ে গেছে। এখন স্কুল বন্ধ। এর মধ্যে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।
তিনি আরও বলেন, কিছুদিন পরই এসএসসি পরীক্ষা শুরু হবে এবং এ বিদ্যালয়টি একটি পরীক্ষা কেন্দ্র। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে।
মানববন্ধনে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈয়বুর রহমান খান বলে, স্কুলের মাঠ, টয়লেট, বারান্দা ময়লা পানিতে সয়লাব হয়ে গেছে। দুর্গন্ধে স্কুলে টেকা মুশকিল। স্কুলে প্রায় ১৫ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। ঈদের পর স্কুল খোলা রাখলে ক্লাস পরিচালনা করতে অনেক সমস্যা হবে।
বিডি-প্রতিদিন/এমই