চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দিয়াশলাইয়ের বারুদ দিয়ে তৈরি ‘পটকা’ বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাংবাড়িয়া গ্রামের একটি নির্মাণাধীন মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক শিশুর বাম হাতের পাঁচটি আঙুলই বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত শিশুরা হলো ভাংবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. রনক (১৩), উজ্জ্বল হোসেনের ছেলে মো. হোসাইন (১১) ও আমদ আলীর ছেলে লাল মিয়া (১১)। এদের মধ্যে রনকের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শিশুরা খেলার ছলে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ সংগ্রহ করে দেশীয় পদ্ধতিতে ‘পটকা’ তৈরি করছিল। সেটি তৈরির একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা সবাই জখম হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে আলমডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল। তিনি বলেন, ‘শিশুরা কৌতূহলবশত ইউটিউব বা বড়দের দেখে এসব বিপজ্জনক কাজে লিপ্ত হচ্ছে। অভিভাবকদের উচিত তাদের সন্তানরা কোথায় যাচ্ছে এবং কী নিয়ে খেলছে সেদিকে নজর রাখা।’
বিডি-প্রতিদিন/এমই