যশোরের চৌগাছা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ছয় হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। জব্দ করা তেলের মধ্যে রয়েছে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন।
রবিবার বিকেলে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই বাজারের অপর ব্যবসায়ী রুহুল আমিনকে ওজন ও পরিমাপ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, বিকেলে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনেও আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ওজন ও পরিমাপ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানকে ঘটনাস্থলে পাঠান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিজাম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল ও ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে তেল বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন