কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি কালিগাছতলা ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রবিবার রাতে ওই স্থান থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। রাত ১১টার দিকে লালমাই পাহাড় এলাকায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করা হয়। গ্রেপ্তার যুবকের নাম জিহাদ হোসেন (২৫)। তার বাড়ি নগরের চর্থা এলাকায়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
তিনি জানান, ওই যুবকসহ কয়েকজনকে আমরা ককটেল বিস্ফোরণের শুরুর দিকেই আটক করি। তার আচরণবিধি সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার রিমান্ড চাওয়া হবে।
এর আগে শনিবার সন্ধ্যায় নগরের বাগানবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কালিগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, বাগানবাড়ি জামে মসজিদের মুসল্লি আবদুল বাকেরসহ তিনজন আহত হন। বর্তমানে আহতরা আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।
ঘটনার সময় দুর্বৃত্তরা একটি ব্যাগ ফেলে রেখে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাগটি উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সংরক্ষণ করেন। রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল টিম ব্যাগটি লালমাই পাহাড়ে নিয়ে যান। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করেন। বোম্ব ডিসপোজাল টিম জানিয়েছে, উদ্ধার করা বোমাটি শক্তিশালী ছিল।
এ ঘটনায় রবিবার রাতে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এএম