ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে বাক-বিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।
মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে নিহত নিরব হোসেনের স্বজন ও ছাত্ররা অংশ নেয়। সে সময় সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক স্বাধীন আহমেদ, ছাত্রনেতা এইচ এম নাঈম মাহমুদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা, নিরব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না করে প্রশাসন নাটকীয়তা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, অতীতের মতো রাতের আধারে শহরের বিভিন্ন মেসে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। একই সাথে বাসে
আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের ৭ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এর আগে, শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল কেনা-বেনা নিয়ে বাক-বিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প ও কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩ টি বাসে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জন ও তেল পাম্প এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, নিহত নিরব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া