মাদক প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় শহিদুল ইসলাম বাবুল বলেন, “একটি কথা পরিষ্কার করে বলতে চাই—মাদক আজ ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমি জানি না, মাদক ব্যবসায়ীরা যদি এক হয়ে আলাদা দল গঠন করে, সেই দল বড় হয়ে যায় কি না।”
তিনি উপস্থিত কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মাদকের কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ছে। তাই মাদক প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না; সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, “আপনারা যে এলাকায় বাস করেন, সেখানে কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তা আপনারা জানেন। এসব তথ্য নির্ভয়ে প্রশাসনকে এবং আমাকে জানাবেন। মাদক আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে।”
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি মাদক ব্যবসায় আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে আবারও বলছি—নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স।
সভায় আসন্ন বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা নাশকতার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আব্দুল্লাহ আবু জাহের, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/হিমেল