বরিশাল নগরীতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার চালকও আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সিএন্ডবি রোড এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
নিহত ফেরদৌসি বেগম জোসনা (৪০) নগরীর সিএন্ডবি পোল বাগানবাড়ী এলাকার বাসিন্দা ও শহিদুল ইসলামের স্ত্রী। আহত রিকশাচালক মো. আউয়াল (৩০) ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি জানান, অটোরিকশা ভুল পাশ দিয়ে বেপরোয়া গতিতে নগরীর আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। তখন ঢাকা থেকে বরিশালের রূপাতলীগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও নারী যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি বলেন, কাভার্ডভ্যান ও রিকশা জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই