লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মামুনকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে সোমবার (৯ মার্চ) রাতে রংপুর মহানগর-এর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন হাতীবান্ধা উপজেলার মৃত সামছুল হকের ছেলে।
মামলার বরাতে র্যাব জানায়, প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন মামুন। গত ২৫ জানুয়ারি ওই ছাত্রীর পরিবারের সদস্যরা বাইরে বেড়াতে গেলে সুযোগ বুঝে রাতে তাকে বাড়িতে ডেকে নেন। পরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে মামুন নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি পরিবারকে জানালে গত ১ মার্চ হাতীবান্ধা থানা-য় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই অভিযুক্ত মামুন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল