পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মাগুরায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জ্বালানি তেল, চিনি, ছোলা, ফলের দোকান, ভোজ্যতেল, চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে মেসার্স জীবন স্টোরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি এবং মোড়কীকরণ আইনের ব্যত্যয় ঘটিয়ে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই ধরনের অপরাধে মেসার্স মাম্পি ভান্ডার নামের আরেকটি প্রতিষ্ঠানকেও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যকলাপ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
সজল আহম্মেদ, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা কৃষি বিপণন দপ্তর এবং জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করেন সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল