গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প’র আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছুরগুলো বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্প’-এর সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্যজীবী হেমায়েত মোল্লা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় আমাদের আর বেকার থাকতে হবে না। অবসর সময়ে এই বাছুর পালন করে আমরা সাবলম্বী হতে পারব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের ভূমিকা অপরিসীম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের সময় জেলেদের আয় যেন বন্ধ না হয়, সেই উদ্দেশ্যেই সরকার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আর সেই বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবেই এসব বকনা বাছুর বিতরণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল