গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (প্রায় ৫০) মাথা ও পা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানা চত্বরে নিহতের প্যাকেটে মোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ এলাকার আঞ্চলিক মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি স্থানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে সাদা-কালো প্রিন্টের চেক শার্ট ছিল। তবে বিকেল ৩টা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম বলেন, রাত আড়াইটার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল