রাঙামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামী আদেইধন চাকমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুর ১টায় রাঙামাটি জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ২৪ আগস্ট রাঙামাটি বরকল উপজেলার শুবলং ইউনিয়নের পিপড়াছড়ি গ্রামে চার সন্তানের জননী শেফালি চাকমাকে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার স্বামী আদেইধন চাকমা। এ ঘটনার পর শেফালি চাকমার চাচা কিরণ বিকাশ চাকমা বাদী হয়ে বরকল থানায় অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
দীর্ঘ ২ বছর ৬ মাস ১৮ দিন সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। দণ্ডবিধি ৩০২ ধারার মোতাবেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেন।
রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রতিম রায় পাম্পু বলেন, রায় সন্তোষজনক হয়েছে। এ রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল