খাগড়াছড়ি সদর উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১১ মার্চ) দিনব্যাপী টেকনিক্যাল প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়িত ‘Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে উপকারভোগীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি অংশগ্রহণকারীদের জীববৈচিত্র্য রক্ষা, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন, সাবেক ভাইস প্রিন্সিপাল ও জেলা পরিষদ সদস্য আবদুল লতিফ, জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রোগ্রাম ইম্প্লিমেনটেশন অ্যানালিস্ট প্রিয়তর চাকমা, উপজেলা ফ্যাসিলিটেটিং অ্যাসোসিয়েট অংক্যছেন মারমা (ইআর-আরডি-সিএইচটি- ইউএনডিপি), প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার জ্ঞানদর্শী চাকমা, প্রকল্পের সদর উপজেলা ফ্যাসিলিটেটর ইসমি ইবনাতসহ উপজেলার প্রকল্পের বিভিন্ন সাইট থেকে আগত উপকারভোগী প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা গেলে প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ