নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে মালিকপক্ষের আশ্বাসে তার ১ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন।
বুধবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকরা জানান, কারখানার ৪০০ শ্রমিকের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস দেওয়া হয়নি। মালিকপক্ষ ‘দেই-দিচ্ছি’ বলে তালবাহানা করে আসছে। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন।
অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কের ৮ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে মালিকপক্ষ ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।
বিডি-প্রতিদিন/এমই