আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে নীলফামারী জেলা প্রশাসন। এ লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক বিশেষ সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সভা আয়োজন করে।
সভায় ঈদকে ঘিরে নজরদারি দল গঠন, ফিটনেস ও রুট পারমিট ছাড়া যানবাহন চলাচল বন্ধ করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধ, সড়কের পাশে ভাসমান বাজার উচ্ছেদ এবং জরুরি সেবা দিতে মেডিক্যাল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি ফিটনেসবিহীন ও রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাসেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো প্রতিদিন মধ্যরাতে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে থামবে। সেখান থেকেই যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাবেন। যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করতে দেওয়া হবে না।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন, পুলিশসহ মালিক-শ্রমিকদের সহযোগিতায় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করা হবে। তিনি সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকার এবং জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/এমই