ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের কবলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। ১০ মার্চ এসব পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ক্ষোভে তারা মহাসড়ক অবরোধ করেন। এর আগেও দাবি আদায়ে ১৪ ফেব্রুয়ারি মহাসড়ক অবরোধ করেছিলো শ্রমিকরা।
কারখানার কর্মী ইরা আক্তার বলেন, আমরা কাজ করি, আমাদের হাতে তৈরিক পোশাক বিদেশে রপ্তানি হয়। মালিক টাকা পেলেও আমরা বেতন পাইনা। এই চাকুরির উপর আমাদের জীবন জীবীকা ও পরিবারের চাহিদা মেটাই। ঈদ সামনে রেখে কেনাকাটার প্রয়োজন আছে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে তাও কেউ স্পষ্ট করে বলছে না।
রফিকুল নামের এক শ্রমিক জানান, প্রায় তিন বছর ধরে তারা এই কারখানায় কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই কারখানায় নানা সমস্যা চলছে। ঈদের আগে বেতন-বোনাস না পেলে শ্রমিকদের পরিবার নিয়ে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলে আগামীকাল বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
পোশাক কারখানাটির জেনারেল ম্যানেজার মোকলেছুর রহমান বলেন, কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস দেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল