কুমিল্লায় নষ্ট মরিচ ভালো মরিচের সঙ্গে মিশিয়ে গুড়া করার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
অভিযানে দেখা যায়, ভালো মরিচের সঙ্গে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে মশলা প্রস্তুত করা হচ্ছে। বিষয়টি হাতেনাতে ধরা পড়লে আইন অনুযায়ী ‘আল-আমিন ফুড গ্রেইন মশলার’ মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর ও নোংরা মেঝেতে মরিচ ও হলুদের গুড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার বিষয়টিও ধরা পড়ে। এছাড়া বাসি খামির সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ‘বাখরাবাদ মাটির হাড়ি’ নামের একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. নাজমুস সাকিব ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিনও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই