কুষ্টিয়ার খোকসা থানার প্রত্যাহার হওয়া অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার সকালে খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। খোকসা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া মানববন্ধন প্রায় এক ঘণ্টা চলে। এতে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীরা সাধারণত থানার ওসির কাছ থেকেই নিরাপত্তা প্রত্যাশা করেন। কিন্তু সেই ওসির কাছ থেকেই যদি হুমকি পেতে হয়, তা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্ত ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচি শেষে ব্যবসায়ীরা খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের কাছে একটি স্মারকলিপি দেন।
অভিযোগ রয়েছে, গত ১ জানুয়ারি খোকসা বাজার এলাকার ইলেকট্রনিকস ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছে একটি ল্যাপটপ ও মোটা অঙ্কের নগদ অর্থ দাবি করেন ওসি মোতালেব হোসেন। দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমনকি একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
ওসির হুমকির কারণে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন মাহফুজুর রহমান। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানাজানি হলে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার পর গত ২ মার্চ ওসি মোতালেব হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/সুজন