সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মাথা ফেটে গেছে। তার মাথায় চারটি সেলাই পড়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত মো. মামুন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, এএসআই মামুনসহ সাদা পোশাকে একদল পুলিশ ওই এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি মামুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে মামুনের মাথা ফেটে যায়। সহকর্মীরা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান। মামুনের মাথায় চারটি সেলাই পড়েছে।
ওসি আহসানুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/কেএইচটি