রোজা শেষের দিকে, ঈদ আসন্ন। ঈদকে কেন্দ্র করে শেরপুরে জমে উঠেছে কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঈদ কেনাকাটায় সরগরম হয়ে উঠছে বিভিন্ন বাজার। বিশেষ করে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের বাজার হিসেবে পরিচিত তেরা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন ও স্বজনদের জন্য কেনাকাটা করতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন তেরা বাজারে। এখানে কাপড়-চোপড়, জুতা, কসমেটিকস, চুড়ি-মালা, আতর ও সেন্টসহ বিভিন্ন পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায় বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
সূত্র জানায়, কয়েক বছর আগে তেরা বাজারে এসব কেনাকাটার দোকান গড়ে ওঠে। বিক্রেতারা দেশের বিভিন্ন বাজার থেকে তুলনামূলক কম দামে পণ্য কিনে এনে এখানে স্বল্প দামে বিক্রি করেন। ফলে স্বল্প আয়ের ও মধ্যবিত্ত ক্রেতাদের কাছে বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে।
জানা গেছে, সাধারণত ঈদের প্রায় ১০ দিন আগে থেকে তেরা বাজারে কেনাকাটার ভিড় বাড়তে শুরু করে। তবে এবার কিছুটা আগেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ছে। দোকানিরা জানান, চাঁদ রাত ও ঈদের দিন সকাল পর্যন্ত এ বাজারে কেনাকাটার ভিড় থাকবে।
রোজার শেষ দিকে শ্রমজীবী ও কৃষক শ্রেণির মানুষ তাদের স্ত্রী-সন্তানের জন্য তুলনামূলক কম দামে কেনাকাটা করতে এই বাজারে আসেন। বর্তমানে মার্কেটে নারী-পুরুষের উপস্থিতি তুঙ্গে।
শেরপুর গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দিদারুজ্জামান সিদ্দিকী বলেন, তেরা বাজার মূলত নিম্ন আয়ের মানুষের জন্য হলেও পণ্য তুলনামূলক সস্তা হওয়ায় সব শ্রেণির মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। ফলে ঈদকে সামনে রেখে বাজারটি এখন ক্রেতাদের ভিড়ে জমজমাট।
বিডি-প্রতিদিন/মাইনুল