গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ঢোলভাঙ্গা ও ঠুটিয়াপুকুর বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা জানান, স্লিপ অনুযায়ী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেককে ওজনে কম দেওয়া হচ্ছে। আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই চাল পাননি। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসাধু উপায়ে চাল বিক্রি করায় এ সংকট তৈরি হয়েছে। এছাড়া তালিকা প্রস্তুত ও কার্ড বিতরণে অনিয়মের কারণে অনেক প্রকৃত দরিদ্র পরিবার ভিজিএফের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।
এর আগে শনিবার দুপুরে ঢোলভাঙ্গা বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ভিজিএফের চাল বিতরণের সময় এ অনিয়মের অভিযোগ ওঠে। সরেজমিনে দেখা যায়, স্লিপ নিয়ে শতাধিক সুবিধাভোগী দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই চাল পেতে দেরি হওয়ায় হতাশ হয়ে ফিরে যান।
স্থানীয় বাসিন্দা জমিলা বেগম বলেন, গরিব মানুষ আমরা। চাল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। একই এলাকার আমজাদ আলী বলেন, স্লিপ থাকার পরও চাল শেষ হয়ে গেল কীভাবে—এখনও অনেক মানুষ চাল পায়নি।
আরেক সুবিধাভোগী আজিরন বেগম অভিযোগ করেন, ১০ কেজির পরিবর্তে তিনি মাত্র ছয় কেজির মতো চাল পেয়েছেন। একই অভিযোগ করেন আরও কয়েকজন গ্রহীতা।
তবে অভিযোগ অস্বীকার করে মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকার বলেন, চাল পরিমাপে কম দেওয়ার অভিযোগ সঠিক নয় এবং স্লিপধারী সবাই চাল পাবেন।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল