মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
রবিবার বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে রাতে উদ্ধার করা অস্ত্র ও গুলি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এ সময় ঘাট সংলগ্ন একটি ঝোপের ভেতর তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন