ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে একটি পিকআপ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উত্তর পাশে জয়নাল আবেদীন সরকারের বাড়ির সামনে পাকা সড়কে পরিচালিত হয়।
এ সময় একটি হলুদ ও নীল রঙের পুরাতন জোহার পিকআপ রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০ রেখে অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে পুলিশ অবৈধ নেশাজাতীয় ছোট-বড় মোট ৩৮৯টি বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১৯৯.৮৫ লিটার বলে জানা গেছে। পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে পিকআপ গাড়ি ও উদ্ধারকৃত মদ জব্দ করে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক