কক্সবাজারের টেকনাফে মুরগির খামারে ২টি বস্তা থেকে জব্দ করা হয়েছে ৫ লাখ ইয়াবা। তবে এ ঘটনায় আসামিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় এক বার্তায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্যটি নিশ্চিত করেছে।
বার্তায় জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। অভিযানে রঙ্গিখালী এলাকার নুরুল হোছাইনের মুরগির খামারের ভেতরে খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। যার ওজন সাড়ে ৪২ কেজি। পরে বস্তা দুটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫ লাখ ইয়াবা।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় একজনকে শনাক্ত করা সম্ভব হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে।
বিডি প্রতিদিন/এএম