ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া এলাকায় একটি টিনের ঘর, ছয়ফুল্লাকান্দির মাছিমনগর এলাকার একটি বাড়ির উঠান এবং ফরদাবাদ চড়লনিয়া তিলককান্দি এলাকার একটি ফাঁকা রাস্তা থেকে অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- হোমনা উপজেলার দৌলতপুর গ্রামের বাহারম বাদশা (২৭), রামকৃষ্ণপুর গ্রামের কামরুল হাসান (২৫), চানপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৩), বাঞ্ছারামপুরের মাছিমনগর গ্রামের বাহাদুর মিয়া (৫০) এবং নাসিরনগর গ্রামের ময়না আক্তার (৩৫)।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ