ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার নেতৃত্বে প্রবাসী ওপর হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সৌদি প্রবাসী ফোরকান মিয়া (৪০)। তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মৃত তমু মিয়ার ছেলে।
আহত ফোরকান মিয়াকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুলতানপুর ইউনিয়নের ঈশেননগর গ্রামের আল কাসেমিয়া মাদরাসার সামনে ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়ার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ফোরকান মিয়ার ওপর হামলা চালায়। হামলার সময় ফোরকান মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, অতীতে ক্ষমতার প্রভাব খাটিয়ে লিটন মিয়া এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং এখনো সেই প্রভাব বজায় রেখেছেন।
এ বিষয়ে অভিযুক্ত লিটন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আহত ফোরকান মিয়ার পরিবার অভিযোগ করে জানায়, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল