চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চা-শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘদিন ধরে তারা নানা বঞ্চনার শিকার। তাদের জীবনমান উন্নয়ন ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে চা-শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। চা-শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি রাধাচূড়া গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নবনির্মিত আটটি ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং ১০০ জন চা-শ্রমিকের মাঝে পোশাক বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারের এই ধরনের কার্যক্রম চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/মাইনুল