পটুয়াখালীর কলাপাড়ায় লিটারপ্রতি ২০০ টাকা দরে পেট্রোল বিক্রির দায়ে মো. সোহেল সওদাগার নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
তিনি জানান, বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স না থাকা সত্ত্বেও ভ্যারাইটি দোকান ‘আলফা স্টোর’-এর মালিক দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়েছে।
এছাড়া তেল মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাইনুল