বগুড়ার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার সি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
জানা গেছে, রবিবার সকালে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস সি-ব্লক এলাকা অতিক্রম করার সময় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, বাসে আগুন লাগার সাথে সাথে যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের বাসটির একটি অংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/এমই