গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ছিল, তারা বিএনপির পক্ষে রায় দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন। তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামীতে সব সংসদ সদস্যদের একত্র করে হিন্দু সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সংসদে কথা বলব।
গতকাল শনিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবদলের কর্মিসভায় তিনি এ কথা বলেন।
এমপি জিলানী বলেন, ‘বিএনপির কোনো নেতাকর্মী যদি অনাকাঙ্ক্ষিতভাবে, অন্যায়ভাবে কারো ওপরে নির্যাতন করে, দয়া করে আমাকে বলবেন আমি তাকে ভালো বানাতে চেষ্টা করব। যদি সে ভালো না হয় তাহলে তাকে দল থেকে বের করে দেব। আমার এলাকার মানুষের ওপরে কোনো নির্যাতন হোক এটা আমি কখনো হতে দেব না।’
মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কেউ মাদক মামলায় গ্রেফতার হলে তার জন্য কোনো সুপারিশ করব না। বরং বছরের পর বছর যাতে কারাগারে থাকে আমি সেই ব্যবস্থা করবো। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, যারা মাদক কারবারির সঙ্গে জড়িত আছেন, তারা এই ব্যাবসা থেকে ফিরে আসুন। অন্য ব্যাবসা করে খান, প্রয়োজনে যোগাযোগ করবেন, অর্থনৈতিক সহযোগিতা করব।’
কর্মিসভায় গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ধনীন্দ্রনাথ হাজরার সভাপতিত্বে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, মুক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এমই