রাজবাড়ীতে পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিটন খান বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে।
নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তার স্বামী রিকশা নিয়ে বের হন। এরপর রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তিনি সাড়া দেননি। পরে রাত ২টার দিকে আবার ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন পদ্মা নদীতে একটি মরদেহ ভেসে আছে। পরে গিয়ে তিনি তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হতে পারে।
এদিকে দৌলতদিয়া নৌ পুলিশের ওসি ত্রিনাথ সাহা জানান, নদী থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম শুরু করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল