রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসের জানালা ভেঙে অফিসের ভেতরের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। রহস্যজনক এমন ঘটনায় কোন কিছু খোয়া গেছে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার থেকে শনিবার মধ্যরাতের কোনো এক সময় এমন ঘটনা ঘটে।
গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিসটি অবস্থিত। ভাঙচুরের পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমন ঘটনায় গোয়ালন্দ ইউনিয়নবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কাগজপত্রসহ খোয়া যাওয়ার পাশাপাশি জমির তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
উজানচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আনছার আলী জানান, বৃহস্পতিবার বিকালে অফিস তালা দিয়ে তারা বাড়ি চলে যান। রবিবার সকালে এসে ভূমি অফিসের ভেতরের মালামাল তছনছ করা দেখা যায়। অফিসে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার যথাস্থনে রয়েছে। কোনো কাগজপত্র খোয়া গেছে কিনা সেটা নিশ্চিত করে বলতে সময় লাগবে বলে জানান আনছার আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল