ঢাকা-২ আসনে সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলছেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি ধীরে ধীরে পুরো সমাজব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে।
রবিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রথম অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, মাদক নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এজন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দেশ পাবে যোগ্য, মানবিক ও দক্ষ প্রজন্ম। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল গুণাবলি বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলেই একটি শক্তিশালী ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সুজন