দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এবং সহ-সাধারণ সম্পাদকসহ ২টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এমাম আলী। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যরা হলেন—সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম (২), মো. আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না।
সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন জয় পেয়েছেন।
এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন ও মো. এনামুল হক, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মোছা. শারমিন আক্তার সাথী এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব।
শনিবার রাত ৩টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম।
এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোট দেন।
বিডি-প্রতিদিন/সুজন