বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাতমাথায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও শহরের বিভন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন।
বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়র গর্কি, শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, যুগ্ম সম্পাদক মোমিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিন পশারী, শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মোতালেব শেখসহ অন্যরা।
বক্তব্যে নেতাকর্মীরা বলেন, বগুড়া চেলোপাড়া-সান্দারপট্টি এলাকার কিছু ব্যক্তি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিলুর রহমান শাওনসহ অন্যান্য নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছেন। এই মামলা প্রত্যাহার করতে হবে। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। চেলোপাড়া-সান্দারপট্টি এলাকার অপরাধীদের অত্যাচারে শহরের মানুষ অতিষ্ঠ।
তারা অভিযোগ করেন, প্রতিদিন শহরে আসা বিভিন্ন মানুষের পকেট কেটে নিঃস্ব করে দিচ্ছে। তারা বিনা কারণে আশপাশের এলাকার মানুষের বাড়িতে আগুন দেওয়া, লুটপাট, ডাকাতিসহ নানা অপকর্ম করে যাচ্ছে। প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তাদের।
বক্তারা বলেন, চেলোপাড়া-সান্দারপট্টির অপরাধীরা অপকর্ম করে অন্যায়ভাবে সেই অপকর্মের দায়ভার আরেকজনের ওপর চাপিয়ে দেয়। মিথ্যা মামলা করে করে হয়রানি করে। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বিডি-প্রতিদিন/এমই