কুমিল্লার নাঙ্গলকোটে ভবন থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (১৭) নামক এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। রবিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের হোসেন কাজীর ছেলে ওসমানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নির্মাণশ্রমিক মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলার ডিমলা উপজেলার কাকরা বাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনের ঠিকাদার মোকাররম গত ১২ দিন আগে মোস্তাফিজসহ একই এলাকার ১০-১৫ জনকে নীলফামারী থেকে নাঙ্গলকোটে নিয়ে আসেন। রবিবার সকালে নির্মাণাধীন ভবনের কাজে গিয়ে চতুর্থ তলার কার্নিশের সেন্টারিং খোলার সময় মোস্তাফিজুর নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজের চাচাতো ভাই আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রাজ্জাক জানান, ঠিকাদারের অবহেলা ও নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে চতুর্থ তলা থেকে ছিটকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেন।
ভবনের মালিক ও ঠিকাদারকে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি। ভবনের মালিক ওসমানকে মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমানকে ৬ তলা ভবনের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক শুভ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন পেয়ে মরদেহ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই