গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দক্ষিণ কাঠুরিয়া গ্রামের রবিদাসপাড়ায় দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মুরগি বিতরণ করা হয়েছে। এতে এলাকার ২০টি দরিদ্র হরিজন পরিবারের হাতে মুরগি তুলে দেওয়া হয়, যা তাদের জন্য নতুন আয়ের সম্ভাবনা সৃষ্টি করেছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন-এর উদ্যোগে এবং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আয়োজকরা জানান, মুরগি পালন দলিত জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর ও টেকসই জীবিকাভিত্তিক উদ্যোগ হতে পারে। এর মাধ্যমে তারা স্বল্প পুঁজি বিনিয়োগে আয় বৃদ্ধি করতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। এ সময় আরও বক্তব্য দেন অবলম্বনের প্রজেক্ট অফিসার রেশমা পারভীন, অ্যাকাউন্টস অফিসার মৌসুমী আক্তার, রবিদাস ফোরামের সভাপতি খিলন রবিদাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি প্রতিদিন/এনআরএইচ