সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত মো. সোবহান খান সদর উপজেলার হরিকুমারিয়া এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সংসারের হাল ধরতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে গত বছরের ১৯ নভেম্বর সৌদি আরবে যান সোবহান খান। প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় পরিবারে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দিলেও ততদিনে ঋণের চাপ বেড়ে যায়।
কয়েক দিন আগে কাজ করার সময় একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ১১ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী মরিয়ম বেগম বলেন, ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলেন ভালো কিছুর আশায়, কিন্তু তিনি কোনো টাকা পাঠাতে পারেননি। এখন ছয় সন্তান নিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
তিনি জানান, আর্থিক সংকটের কারণে মরদেহ দেশে আনার সামর্থ্য নেই। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবারটি।
এদিকে মরদেহ দেশে ফেরত আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এআইএস