সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক এস. পি. রাফিজকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী রাফিজকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার এই কৃতি সন্তান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের গোলরক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নৈপুণ্য ও সাহসিকতায় দলটি শিরোপা জয়ে বড় অবদান রাখে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক রাফিজকে ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত অনুশীলনের পরামর্শ দেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এআইএস