মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় মার্চ ২০২৬ মাসের অপরাধচিত্র তুলে ধরে জানানো হয় যে, জেলায় মোট মামলার সংখ্যা বেড়ে ২১৩টিতে দাঁড়িয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১০৬টি মাদকসংক্রান্ত মামলা। বিশেষ করে মুন্সীগঞ্জ সদর উপজেলায় অপরাধের প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া সভায় মাসব্যাপী পরিচালিত ১০২টি মোবাইল কোর্টের মাধ্যমে ১২৩ জনকে দণ্ড প্রদান এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অবৈধ কারেন্ট জাল জব্দের তথ্য উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিবিড় তদারকির মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক মহোদয় বিআরটিএ-কে ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি/বাইক চালকদের বিরুদ্ধে সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ।
বিডি প্রতিদিন/এএম