সাভারে এক কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ মো. হৃদয় হোসেন (২৭) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হৃদয় হোসেন সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার সকালে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে হৃদয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
বিডি প্রতিদিন/নাজিম